হকারদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে: চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ

৮ অক্টোবর : চট্টগ্রাম নগরীর হকারদের জন্য কার্যকর পুনর্বাসন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগর।

এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী বলেন, হকাররা নগরীর নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে তারা পরিবার-পরিজনের জীবিকা নির্বাহ করেন। তাদের জীবিকা ও ভবিষ্যতের বিষয়টি বিবেচনায় নিয়ে সুষ্ঠু পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

নেতৃদ্বয় বলেন, নগর ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি হকারদের জীবিকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে সেখানে ব্যবসার উপযোগী পরিবেশ সৃষ্টি করা হলে একদিকে নগর ব্যবস্থাপনা সহজ হবে, অন্যদিকে হকারদের জীবিকাও সুরক্ষিত থাকবে।

তারা আরও বলেন, পুনর্বাসনের ক্ষেত্রে হকারদের সঙ্গে আলোচনা করে তাদের বাস্তব প্রয়োজন ও সক্ষমতা বিবেচনায় নিতে হবে। শুধু স্থান নির্ধারণ করলেই হবে না, সেখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা, নিরাপদ পরিবেশ এবং ব্যবসা পরিচালনার উপযোগী ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এস এম লুৎফর রহমান ও আবু তালেব চৌধুরী নগরীর হকারদের জন্য দ্রুত কার্যকর পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ, নির্দিষ্ট ব্যবসাস্থল বরাদ্দ এবং তাদের জীবিকা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সর্বশেষ