এনসিটিতে বিদেশি অপারেটর নিয়োগের প্রতিবাদে স্মারকলিপি

৪ অক্টোবর:  চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি ও জিসিবি বিদেশি ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্তের প্রতিবাদ এবং বন্দর শ্রমিক-কর্মচারীদের স্বার্থ সুরক্ষার দাবিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করেছে বন্দর ইসলামী শ্রমিক সংঘ।

রোববার (৪ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বলা হয়, দেশের মোট আমদানি-রপ্তানির প্রায় ৯২ শতাংশ চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে পরিবাহিত হয়। তাই দেশের প্রধান এই বন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনালগুলো বিদেশি ব্যবস্থাপনায় ছেড়ে দেওয়া দেশের স্বার্থ ও বন্দর শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থানের জন্য উদ্বেগের বিষয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান আরএসজিটি (RSGT)-এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। লালদিয়ার চরে নতুন টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা বিদেশি প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস (APMT) পরিচালনা করবে। এছাড়া মাতারবাড়ী ও বে-টার্মিনালেও বিদেশি বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে। বিদেশি বিনিয়োগের বিরোধিতা না করলেও দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত ও সফলভাবে পরিচালিত এনসিটি, সিসিটি ও জিসিবির ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়।

স্মারকলিপিতে এনসিটি, সিসিটি ও জিসিবি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা, বিদেশি পরিচালিত প্রতিটি টার্মিনালে চট্টগ্রাম বন্দর থেকে অন্তত ২০ শতাংশ দক্ষ জনবল নিয়োগের শর্ত আরোপ এবং এনসিটিতে ডকুমেন্টেশন, কালেকশন ও আনস্টাফিংসহ পণ্য হ্যান্ডলিংয়ের কার্যক্রম বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় রাখার দাবি জানানো হয়।

এছাড়া চট্টগ্রাম বন্দর ও শ্রম শাখার অন্তর্ভুক্ত সব শ্রমিক-কর্মচারীর এনসিটিতে কাজের নিশ্চয়তা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করা, জিসিবিতে দেশি বা বিদেশি অপারেটর নিয়োগ না দেওয়া, বোর্ড সভায় অনুমোদিত উৎসাহ বোনাস, পোর্ট অ্যালাউন্স, ঝুঁকি ভাতা ও সরকার অনুমোদিত গৃহনির্মাণ ঋণ দ্রুত বাস্তবায়ন, চট্টগ্রাম বন্দরে অবিলম্বে সিবিএ নির্বাচন এবং বন্দরের শূন্য পদে দ্রুত জনবল নিয়োগের দাবি জানানো হয়।
এ সময় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া। বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান। আরও বক্তব্য রাখেন আমিনুল ইসলাম রুমেল, মো. শাহ আলম, রেজাউল করিম সেলিম, মো. আমানুল্লাহ প্রমুখ।
স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন ও সেক্রেটারি মো. ইয়াছিন স্বাক্ষর করেন।

সর্বশেষ