২০ মে’র মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: নগর শ্রমিক কল্যাণ ফেডারেশন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২০ মে’র মধ্যেই পোশাক শ্রমিকসহ সর্বস্তরের শ্রমিক-কর্মচারীদের বেতন, বকেয়া পাওনা ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর।

এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী বলেন, দেশের শ্রমজীবী মানুষ বছরের অন্যান্য সময়ের তুলনায় ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত অর্থনৈতিক চাপের মধ্যে থাকেন। পরিবার-পরিজনের জন্য প্রয়োজনীয় কেনাকাটা, যাতায়াত ও নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের কারণে শ্রমিকদের জন্য ঈদের পূর্বে বেতন-বোনাস পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নেতৃবৃন্দ বলেন, অতীতে দেখা গেছে ঈদের আগমুহূর্তে বেতন-বোনাস নিয়ে টালবাহানা ও অনিশ্চয়তা সৃষ্টি হলে শিল্পাঞ্চলে চরম শ্রমিক অসন্তোষ তৈরি হয়। অনেক মালিকপক্ষ নানা অজুহাতে শ্রমিকদের ন্যায্য পাওনা বিলম্বিত করে, যা শ্রম আইন ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।

তারা বলেন, বিশেষ করে পোশাক শিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ খাতের শ্রমিকরা নিরলস পরিশ্রমের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখনো অনেক কারখানায় বেতন ও বোনাস নিয়ে অনিশ্চয়তা বিদ্যমান। এটি অত্যন্ত উদ্বেগজনক।

নেতৃবৃন্দ মালিকপক্ষকে মোবারকবাদ জানিয়ে বলেন, গত ঈদুল ফিতরে সময় মত বেতন বোনাস পরিশোধ করায় চট্টগ্রামে কোন শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়নি। তারা মালিকপক্ষকে আহ্বান জানিয়ে বলেন, গত ঈদের সুখকর স্মৃতিকে ধারণ করুন এবং অতীতের মত শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা বা হয়রানি না করে ২০ মে’র আগেই সকল বেতন, বকেয়া ও ঈদ বোনাস পরিশোধ করুন। একইসঙ্গে শ্রমিকদের নির্বিঘ্নে গ্রামের বাড়িতে যাতায়াত নিশ্চিত করতে পর্যাপ্ত ছুটির ব্যবস্থাও নিশ্চিত করুন।

নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকদের মুখে হাসি ফোটানোই ঈদের প্রকৃত সৌন্দর্য। শ্রমিকদের অধিকার নিশ্চিত না করে উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলা অর্থহীন। তাই সরকারকে বিষয়টি গভীরভাবে মনিটরিং করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

সর্বশেষ