বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক সমস্যার সমাধানের মাধ্যমে দেশ, সমাজ ও জাতি পরিগঠনে কাজ করছে। আর এই মহান কাজের জন্য প্রয়োজন নৈতিকতার বলে বলীয়ান কর্মীবাহিনী। তাই ফেডারেশনের কর্মীদের সেভাবে আদর্শিক ও নৈতিকভাবে নিজেদের গড়ে তুলতে হবে। শুধু নিজেদের পরিশুদ্ধ করে বসে থাকাটাই যথেষ্ট নয়; বরং দেশ ও জাতি গঠনে ফেডারেশন কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী জোন-২ এর উদ্যোগে বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান উপর্যুক্ত কথা বলেন।
গতকাল নগরীর একটি মিলনায়তনে আয়োজিত এ শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন জোন পরিচালক ও চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ।
শিক্ষা বৈঠকে আরও বক্তব্য রাখেন মহানগরীর সহ-সাধারণ সম্পাদক ইঞ্জি:শিহাব উল্লাহ, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শ্রমিকনেতা মাওলানা ইব্রাহিম, মোহাম্মদ সানা উল্লাহ, হাবিবুর রহমান, আমিনুল ইসলাম রুমেল, মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ আমানুল্লাহ।