সৎ, দক্ষ, কর্মঠ ও আদর্শিক শ্রমিক অঙ্গন তৈরিতে কাজ করছে শ্রমিক কল্যাণ: এস এম লুৎফর রহমান

দেশের শ্রমিক সমাজকে সৎ, দক্ষ, কর্মঠ হিসেবে গড়ে তুলতে এবং শ্রম অঙ্গনে আদর্শিক পরিবেশ তৈরিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করছে বলে মন্তব্য করেছেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
তিনি আজ বিকেলে কোতোয়ালী থানার আলকরন ওয়ার্ড কর্তৃক মাসব্যাপী শ্রমিক যোগাযোগ অভিযান উপলক্ষ্যে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থার অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা আজও যথাযথভাবে নিশ্চিত হয়নি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের সৎ, দক্ষ, কর্মঠ ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের মাঝে সংগঠিত কার্যক্রম, নৈতিক শিক্ষা ও আদর্শিক চেতনা ছড়িয়ে দিতে কাজ করছে।
তিনি বলেন, শ্রমিক অঙ্গনে আদর্শিক পরিবেশ তৈরি হলে শ্রমিকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্ব ও কর্তব্য পালনে আরও আন্তরিক হবে। কর্মক্ষেত্রে শৃঙ্খলা, সততা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে হবে। একই সঙ্গে শ্রমিকদের ওপর অন্যায়-অবিচার, বৈষম্য, নির্যাতন ও অধিকারহরণ বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মাসব্যাপী শ্রমিক যোগাযোগ অভিযান শ্রমিকদের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলা, তাদের সমস্যা জানা এবং অধিকার আদায়ের আন্দোলনকে শক্তিশালী করার একটি কার্যকর উদ্যোগ। শ্রমিকদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, তাদের কল্যাণে কাজ করা এবং ন্যায়ভিত্তিক শ্রমনীতি প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী আদর্শের আলোকে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
ওয়ার্ড সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক ও কোতোয়ালী থানা সভাপতি মুহাম্মদ হামিদুল ইসলাম, সদরঘাট থানা সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ বেলাল, কোতোয়ালী থানা সাধারণ সম্পাদক সেলিম রেজা, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম মুরাদ, শ্রমিক নেতা রহমতুল্লাহ, মোস্তাক আহমদ, শহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ