ইসলামী আদর্শের ভিত্তিতে পরিচালিত শ্রমিক আন্দোলনের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে শ্রমিকদের মুক্তি অর্জিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
তিনি আজ সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বায়েজিদ বোস্তামী থানা আয়োজিত স্থানীয় একটি মিলনায়তনে কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা সভাপতি মাওলানা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশন নগর সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুন্নবী এবং জামায়াতে ইসলামীর ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের আমীর হাফেজ মাওলানা আবুল মনসুর।
এস এম লুৎফর রহমান বলেন, ইসলামী শ্রমিক আন্দোলনে কর্মীদের দায়িত্ব শুধু সংগঠনের কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ইসলামী আদর্শের ভিত্তিতে নিজেদের গড়ে তুলে শ্রমজীবী মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ তুলে ধরতে হবে।
তিনি বলেন, আদর্শিক আন্দোলনের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের মুক্তি লাভ সম্ভব। এজন্য কর্মীদের নিয়মিত শিক্ষা গ্রহণ, নিজেদের আমল-আখলাক সংশোধন এবং সংগঠনের উদ্দেশ্য ও কর্মপদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে হবে। আদর্শের ভিত্তিতে সংগঠিত হয়ে সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ ও নিয়মতান্ত্রিক সংগ্রাম প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি তাদের নৈতিক ও আদর্শিক উন্নয়নে কাজ করতে হবে। ইসলামী শ্রমিক আন্দোলনের কর্মীদের শ্রমজীবী মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে।
থানা সাধারণ সম্পাদক মো. জাফর ইকবালের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন থানা সহ-সভাপতি মো. আজাদ হোসেন, অর্থ সম্পাদক মো. কামাল খান, সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদুল আলম, ট্রেড ইউনিয়ন সম্পাদক আব্দুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মো. নাসির উদ্দীন, নির্বাহী সদস্য ডা. মো. আলম, ওয়ার্ড সভাপতি মো. শফিকুল ইসলাম, আব্দুল হান্নান, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ সোহাগ, মো. জসিম উদ্দিন, মে. শাওন মাহমুদ, মো. মুজাহিদুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মো. হায়দার প্রমুখ।