ঈমানি চেতনায় উজ্জীবিত শ্রমিকরাই সমাজ পরিবর্তনের শক্তি : এস এম লুৎফর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, একজন প্রকৃত শ্রমিক কর্মীর প্রথম পরিচয় তার ঈমান, আমল ও চরিত্র। মজবুত ঈমান, দ্বীনি চেতনা এবং উত্তম আখলাকের সমন্বয়েই একজন শ্রমিক সমাজে ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হতে পারেন। তাই প্রতিটি কর্মীকে কুরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ে তুলে ইবাদত-বন্দেগিতে যত্নবান হওয়ার পাশাপাশি মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।

তিনি সিএনজি অটোরিকশা সেক্টর, চট্টগ্রাম মহানগর দক্ষিণ আয়োজিত বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এস এম লুৎফর রহমান বলেন, উম্মতে মুহাম্মদির অন্যতম বৈশিষ্ট্য হলো সত্যবাদিতা, আমানতদারিতা, মানবিকতা ও মানুষের কল্যাণে নিবেদিত থাকা। পরিবহন শ্রমিকরা প্রতিদিন অসংখ্য মানুষের সংস্পর্শে আসেন। যাত্রীদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ, সততা ও আন্তরিক সেবার মাধ্যমে ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরা সম্ভব। একজন শ্রমিকের উত্তম আচরণও দাওয়াতের কার্যকর মাধ্যম হতে পারে।

তিনি আরও বলেন, শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থাকা, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তোলা প্রত্যেক দায়িত্বশীল কর্মীর কর্তব্য। আদর্শিক মানোন্নয়ন, দ্বীনি চেতনা ও সেবামূলক কর্মকাণ্ডকে সমন্বিত করে শ্রমিক সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সেক্টর সভাপতি মুহাম্মদ হারুন হাওলাদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল এবং প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক প্রমুখ।

সর্বশেষ