নৌ-খাতের অনিয়ম,চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে:এস এম লুৎফর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, আদর্শ, নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠা কর্মীবাহিনীই একটি শক্তিশালী শ্রমিক আন্দোলনের মূল ভিত্তি। কর্মীদের মানোন্নয়নের পাশাপাশি তাদের মধ্যে দ্বীনি অনুভূতি, তাকওয়া ও আখিরাতমুখী জীবনবোধ জাগ্রত করতে হবে। ব্যক্তি জীবনে ইসলামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রে কল্যাণকর পরিবর্তন আনা সম্ভব। এক্ষেত্রে আদর্শিক নেতৃত্ব সমাজ গড়ে ওঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের নৌ সেক্টর আয়োজিত ইউনিট দায়িত্বশীল শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সেক্টর সভাপতি ইঞ্জিনিয়ার মো. শিহাব উল্লাহ-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া এবং সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল প্রমুখ।

প্রধান অতিথি বলেন, একজন ইসলামী শ্রমিক কর্মী কেবল অধিকার আদায়ের আন্দোলনই করবে না; বরং নিজের চরিত্র, আমল, দায়িত্ববোধ ও কর্মদক্ষতার মাধ্যমেও সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। দুনিয়ার জীবনকে আখিরাতের প্রস্তুতির ক্ষেত্র হিসেবে গ্রহণ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই প্রতিটি কর্মীকে জীবন পরিচালনা করতে হবে।

তিনি বলেন, দেশের নৌ-খাত আজও নানা অনিয়ম, চাঁদাবাজি ও নৌ-ডাকাতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অপরাধ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। নিরাপদ নৌপথ নিশ্চিত না হলে শ্রমিকদের জীবন, দেশের বাণিজ্য এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

এস এম লুৎফর রহমান আরও বলেন, নৌ-শ্রমিকদের যথাসময়ে বেতন-ভাতা পরিশোধ এবং তাদের জন্য সম্মানজনক মজুরি নিশ্চিত করা মালিকপক্ষের নৈতিক ও আইনগত দায়িত্ব। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত না করে উৎপাদনশীল ও টেকসই নৌখাত গড়ে তোলা সম্ভব নয়।

তিনি বেকার নৌ-শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিটি জাহাজে মাস্টার, প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণির ড্রাইভারসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নৌ-খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলা, শ্রমিকদের পেশাগত প্রশিক্ষণ বৃদ্ধি এবং তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি আদর্শবান, দক্ষ ও দেশপ্রেমিক শ্রমিক সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল কর্মীকে সাংগঠনিক শৃঙ্খলা, নৈতিকতা ও দ্বীনি চেতনা ধারণ করে শ্রমজীবী মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ