বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজীর ইন্তেকালে শোক প্রকাশ

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজীর ইন্তেকালে শোক প্রকাশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী। মাওলানা আজিজীর ইন্তেকালে এক যৌথ শোকবিবৃতি প্রদান করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মাওলানা সরওয়ার কামাল আজিজীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মাওলানা আজিজী দেশ ও জাতির যেকোনো ক্রান্তিলগ্নে সামনের সারির নেতা ছিলেন। শিক্ষা বিস্তারে তিনি অসামান্য ভূমিকা রেখেছেন। পদুয়া হেমায়াতুল উলুম মাদরাসা, শাহ ওয়ালিউল্লাহ একাডেমিসহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা ও পরিচালনায় ছিল তার অবদান। তিনি হেফাজতে ইসলামের অন্যতম নায়েবে আমীর হিসেবেও দ্বীন ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। মাওলানা আজিজীর ইন্তেকালে দেশ ও জাতি একজন প্রবীণ আলেম, একনিষ্ঠ দাঈ এবং দেশপ্রেমিক ও উম্মাহদরদি রাজনীতিবিদকে হারাল।

আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। গভীর সমবেদনা জানাচ্ছি শোকসন্তপ্ত পরিবারের প্রতি। আল্লাহ তায়ালা মরহুমের পরিবার, স্বজন, সহকর্মী, ছাত্র ও গুণগ্রাহীদের সবরে জামিল দান করুন।

উল্লেখ্য, মাওলানা সরওয়ার কামাল আজিজী ৮ মে, জুমাবার সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাস্থ পদুয়া ইউনিয়নে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ