বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য শপথবদ্ধ, আদর্শিক ও নিবেদিতপ্রাণ কর্মী গড়ে তোলা অপরিহার্য। তিনি বলেন, ঈমান ও তাকওয়ার ভিত্তিতে জীবন গঠন না করলে কোনো আন্দোলন স্থায়ী ফলাফল বয়ে আনতে পারে না।
তিনি আজ নগরীর জামালখান কার্যালয়ে ফেডারেশনের জোন-৫ এর উদ্যোগে আয়োজিত ‘কর্মী শিক্ষা বৈঠক’২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, একজন কর্মীর জীবনে ইখলাস বা নিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর সন্তুষ্টিকে কেন্দ্র করে কাজ করতে না পারলে কর্মের মূল্য থাকে না। পাশাপাশি ইলম অর্জনের প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করতে হবে, যাতে কর্মীরা জ্ঞানভিত্তিক ও সচেতন নেতৃত্ব দিতে সক্ষম হয়।
এস এম লুৎফর রহমান বলেন, দাওয়াতি মনোভাব ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা একজন আদর্শ কর্মীর অন্যতম বৈশিষ্ট্য। ধৈর্য ও ত্যাগের গুণাবলি অর্জন ছাড়া কোনো সংগ্রামে সফলতা আসে না। তিনি আরও বলেন, শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আনুগত্য বজায় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, বিভাজন ও মতবিরোধ দূরে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলেই সংগঠন শক্তিশালী হয়। পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে।
প্রধান অতিথি আরও বলেন, আত্মসমালোচনার মাধ্যমে নিজের দুর্বলতা চিহ্নিত করে সংশোধনের চেষ্টা চালিয়ে যেতে হবে। এভাবেই একজন কর্মী নিজেকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারে এবং দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন জোন-৫ এর পরিচালক ও মহানগর কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহানগর সহ-সভাপতি মকবুল আহম্মদ ভূঁইয়া এবং সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল।
এতে আরও উপস্থিত ছিলেন মহানগরীর ট্রেড ইউয়িনন সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, শ্রমিক নেতা এমরান হোসাইন, কামাল উদ্দিন, আবদুল কাদের, রবিউল হোসেন, মোরশেদ হোসেন, মো: হারুন প্রমূখ।