আদর্শিক শক্তিতে গড়া নির্ভীক কর্মীবাহিনীই দ্বীন প্রতিষ্ঠার চাবিকাঠি: এস এম লুৎফর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য সৎ, দক্ষ ও নির্ভীক কর্মীবাহিনী গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, একজন আদর্শ কর্মীকে সর্বাবস্থায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে এবং ধৈর্যকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে হবে।

তিনি আজ নগর ফেডারেশনের জোন ১ এর উদ্যোগে আয়োজিত ‘কর্মী শিক্ষা বৈঠক’২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যক্তিগত ও সামাজিক জীবনকে পরিচ্ছন্ন ও আদর্শবান করতে না পারলে কোনো আন্দোলন টেকসই হয় না। কর্মীদের লেনদেন, কথা ও কাজে মিল থাকতে হবে এবং সত্যিকারের মুসলমান হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মুনাফিকি চরিত্র পরিত্যাগ করে ফাসেক ও মুনাফিকদের সাথে আপোষহীন অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এস এম লুৎফর রহমান বলেন, জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন হওয়া উচিত। পরকালীন জীবনে জবাবদিহিতার বিষয়টি সর্বদা স্মরণ রেখে চলতে হবে। ইসলামী অনুশাসন মেনে চলা, ফরজ ও ওয়াজিব পালনে কোনো ধরনের শৈথিল্য না রাখা এবং হালাল-হারামের বিধান কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শ্রমিক আন্দোলনের কর্মীদের শুধু আদর্শিক দিক থেকেই নয়, বাস্তব জীবনের সংগ্রামেও আপোষহীন হতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে কোনো আপস করা যাবে না। ব্যক্তিগত স্বার্থ-সুবিধার ঊর্ধ্বে উঠে সামগ্রিক শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করতে হবে।

প্রধান অতিথি বলেন, দুনিয়ার জীবনকে আখিরাতের প্রস্তুতির ক্ষেত্র হিসেবে বিবেচনা করে কাজ করতে হবে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন অবস্থান গ্রহণ করতে হবে। এভাবেই একটি আদর্শভিত্তিক, ন্যায়নিষ্ঠ ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব।

বৈঠকে সভাপতিত্ব করেন জোন-১ এর পরিচালক ও মহানগর সহ-সভাপতি নজির হোসেন। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন।

এতে আরও উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা সভাপতি মোঃ মইনুদ্দিন, ইপিজেড থানা সভাপতি শহিদুল ইসলাম, বিপিসি সেক্টরের সভাপতি আবু নাঈম সুজন, সিএনজি সেক্টর দক্ষিণের সভাপতি হারুন হাওলাদার, কৃষি সেক্টরের সভাপতি জালাল উদ্দিন প্রমুখ।

সর্বশেষ