দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ, শ্রমিক, মালিক ও ব্যবসায়ীদের জানমালের কোনো নিরাপত্তা নেই—যা সরকারের চরম ব্যর্থতারই প্রতিফলন।
তিনি আজ নগরের জামালখানস্থ সংগঠনের কার্যালয়ে নগর ফেডারেশনের মাসিক নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
এস এম লুৎফর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিল্পাঞ্চল ও কলকারখানাগুলোতে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাওয়ায় কর্মপরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রী নিজ দায়িত্ব পালনের পরিবর্তে অন্যান্য মন্ত্রণালয়ের বিষয় নিয়ে ব্যস্ত থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটছে।
তিনি আরও বলেন, শ্রমিক, মালিক ও ব্যবসায়ী—সকল শ্রেণির মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু বর্তমানে সেই দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে মানুষের মধ্যে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কলকারখানাসহ সকল ক্ষেত্রে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে পড়বে।
বৈঠকে মহানগর সহ-সভাপতি নজির হোসেন, মকবুল আহম্মেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীসহ নির্বাহী সদস্যরা অংশগ্রহণ করেন।