চট্টগ্রাম নগরবাসী দ্রুত নির্বাচিত মেয়র ও কাউন্সিলর দেখতে চায় : এস এম লুৎফর রহমান

চট্টগ্রাম নগরবাসী দ্রুত নির্বাচিত মেয়র ও কাউন্সিলর দেখতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। তিনি বলেন, নগরবাসীর নাগরিক অধিকার ও সেবার মান নিশ্চিত করতে নির্বাচিত জনপ্রতিনিধির বিকল্প নেই।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা সঞ্চালনা করেন নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।

এস এম লুৎফর রহমান বলেন, মহান স্বাধীনতা দিবসের চেতনা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার। শ্রমিকদের অর্থনৈতিক মুক্তি ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া স্বাধীনতার প্রকৃত লক্ষ্য অর্জন সম্ভব নয়। তিনি বলেন, মহান স্বাধীনতা অর্জিত হয়েছিল দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে। এই স্বাধীনতার মূল চেতনা ছিল শোষণমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। কিন্তু আজও শ্রমজীবী মানুষের একটি বড়ো অংশ ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত—যা স্বাধীনতার চেতনার পরিপন্থী।
তিনি বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিক সমাজ। শিল্প, উৎপাদন ও উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে তাদের অবদান অপরিসীম। অথচ অনেক ক্ষেত্রে তাদের অধিকার উপেক্ষিত হয়। স্বাধীনতার প্রকৃত অর্থ তখনই বাস্তবায়িত হবে, যখন শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা পাবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, সময়মতো বেতন প্রদান, কর্মস্থলের নিরাপত্তা, ট্রেড ইউনিয়ন অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও মালিকপক্ষের দায়িত্ব। এসব অধিকার নিশ্চিত না হলে স্বাধীনতার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না।

সভাপতির বক্তব্যে তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার জন্য সংগঠিত ও সচেতন শ্রমিক সমাজ গড়ে তুলতে হবে। একই সঙ্গে তিনি একটি শোষণমুক্ত, মানবিক ও শ্রমবান্ধব রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন ফেডারেশনের নগর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ,প্রবিণ শ্রমিক নেতা কামাল উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, বন্দর থানা সভাপতি শ্রমিক নেতা মুজাহিদুল ইসলাম আদনান, ডবলমুরিং থানা সভাপতি আকরাম হোসেন জিহাদ প্রমূখ।

সর্বশেষ