নতুন বছরে শ্রমিকদের ন্যায্য অধিকারই হোক জাতীয় অগ্রাধিকার: এস এম লুৎফর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, জাতীয় অর্থনীতিতে শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি হলেও তারা আজও ন্যায্য মজুরি, নিরাপত্তা, মর্যাদা ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত। এই দুঃখজনক বাস্তবতায় নতুন বছরে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই হওয়া উচিত জাতীয় অগ্রাধিকার।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রামের জামালখানস্থ নগর কার্যালয়ে অনুষ্ঠিত নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক কার্যনির্বাহী কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম লুৎফর রহমান বলেন, “সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি এখনো বহু সেক্টরে বাস্তবায়িত হয়নি। অবিলম্বে শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শ্রমিকদের সময়মতো বেতন পরিশোধ ও ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা জরুরি।”

তিনি অভিযোগ করেন, বিগত সরকার মালিক পক্ষের চাপে বাস্তবতা ও বাজারমূল্য উপেক্ষা করে ন্যূনতম মজুরি নির্ধারণ করেছিল। তাই অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠন করে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবসম্মত ন্যূনতম মজুরি ঘোষণা করার দাবি জানান তিনি।

নারী শ্রমিকদের প্রসঙ্গে এস এম লুৎফর রহমান বলেন, কর্মস্থলে নারী শ্রমিকদের নিরাপত্তা ও সম্মান রক্ষায় বিশেষ ব্যবস্থা নিতে হবে। “যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর নীতিমালা, অভিযোগ নিষ্পত্তি সেল, নিরাপদ যাতায়াত এবং মাতৃত্বকালীন পূর্ণ সুবিধা নিশ্চিত করতে হবে,” বলেন তিনি।

তিনি আরও বলেন, চট্টগ্রামের সব শিল্পাঞ্চল থেকে শিশুশ্রম উচ্ছেদ করে শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনতে হবে এবং শিশুশ্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রতিটি কর্মস্থলে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা, দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও শ্রমিকদের জন্য স্বাস্থ্য বীমা চালুর দাবি জানান তিনি।

ট্রেড ইউনিয়ন প্রসঙ্গে তিনি বলেন, “ট্রেড ইউনিয়ন গঠন ও পরিচালনার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে এবং শ্রমিক নেতাদের হয়রানি বন্ধ করতে হবে।”

শ্রমিকদের জন্য বাসস্থান, ডে-কেয়ার, অবসর ভাতা, দুর্ঘটনা ক্ষতিপূরণ ও কল্যাণ তহবিল জোরদারের পাশাপাশি চট্টগ্রামের শিল্প ও শ্রম বাস্তবতা বিবেচনায় একটি পৃথক ‘শ্রমিক কল্যাণ নীতিমালা’ প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স. ম. শামীম, প্রচার সম্পাদক আবু সুফিয়ান, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার এবং পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামসহ নগর ফেডারেশনের নেতৃবৃন্দ।

সর্বশেষ