শ্রমিকদের সেবা করা শ্রমিক কল্যাণের অন্যতম দায়িত্ব: এস এম লুৎফর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ে যেমন সংগ্রাম করে যাচ্ছে, তেমনি শ্রমিকদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো ও সেবা করা সংগঠনের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি আজ ইপিজেড থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শীতার্ত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সবুর আশেকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহেদ।

এস এম লুৎফর রহমান বলেন, “দেশের শিল্প ও অর্থনীতির প্রধান চালিকাশক্তি হলো শ্রমিক সমাজ। শ্রমিকদের ঘাম ও শ্রমের ওপর নির্ভর করেই কলকারখানা, বন্দর, পরিবহন ও নির্মাণ খাত সচল রয়েছে। অথচ দুঃখজনকভাবে এই শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা আজও নানামুখী সংকটে জর্জরিত।”

তিনি বলেন, এমন বাস্তবতায় শ্রমিকদের অধিকার আদায় ও মানবিক সহায়তা নিশ্চিত করতে শ্রমিক কল্যাণ ফেডারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। “শ্রমিক সংগঠন কেবল দাবি আদায়ের প্ল্যাটফর্ম নয়; এটি শ্রমিকদের অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি ও মানবিক সহায়তার একটি শক্তিশালী মাধ্যম,” বলেন তিনি।

শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন, সময়মতো বেতন পরিশোধ, কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন পরিবেশ গড়ে তুলতে ফেডারেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “শ্রমিকদের সেবা করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের সামাজিক ও নৈতিক দায়বদ্ধতা।”

বক্তব্যের শেষাংশে এস এম লুৎফর রহমান বলেন, “প্রতিটি শ্রমিক সংগঠন যদি শ্রমিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে, তাহলে এদেশের শ্রমিকদের জীবনমান দ্রুত পরিবর্তিত হবে। আমরা এই দায়বদ্ধতা থেকেই শ্রমিকদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও এই সংগ্রাম অব্যাহত থাকবে।”

সর্বশেষ