জুলুম-চাঁদাবাজিমুক্ত পরিবহন ব্যবস্থা গড়তে ইসলামী মূল্যবোধের চর্চা জরুরি : এস এম লুৎফর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান ও রাসূল (সা.)-এর সুন্নাহ অনুসরণই একজন শ্রমিকের প্রকৃত সফলতার পথ। ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ শ্রমিক সমাজ গড়ে উঠলে পরিবহন খাত থেকে জুলুম, চাঁদাবাজি, অনিয়ম ও মানুষের ভোগান্তি দূর হবে এবং একটি সেবামুখী পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে।

তিনি আজ সড়ক পরিবহন সেক্টরের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেক্টর সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী এবং ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

এস এম লুৎফর রহমান বলেন, একজন পরিবহন শ্রমিকের চরিত্র, সততা ও দায়িত্ববোধ সাধারণ মানুষের আস্থা অর্জনের প্রধান উপাদান। তাই কুরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনার পাশাপাশি উত্তম আচরণ, আমানতদারিতা ও মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে। যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার মাধ্যমে সেবার মান বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পরিবহন খাতে কোনো ধরনের চাঁদাবাজি, জুলুম কিংবা সাধারণ মানুষকে জিম্মি করার সংস্কৃতির স্থান নেই। খোলাফায়ে রাশেদীনের ন্যায়বিচার, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক আদর্শ অনুসরণ করে একটি শৃঙ্খলাবদ্ধ, নিরাপদ ও জনবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে নৈতিক নেতৃত্ব গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ