রমজানে শ্রমিক ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতন পরিশোধ নিশ্চিত করতে হবে: মুহাম্মদ নজরুল ইসলাম

রমজান মাসে হোটেল শ্রমিক ছাঁটাই বন্ধ রাখা, বকেয়া বেতন পরিশোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের মাধ্যমে শ্রমজীবী মানুষের জন্য স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সর্বোত্তম প্রশিক্ষণের মাস।

আজ বাদ মাগরিব চট্টগ্রামের জামালখানস্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর নগর কার্যালয়ে ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত জরুরি থানা ও সেক্টর দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মাহে রমজান কেবল উপবাসের মাস নয়; এটি তাকওয়া অর্জন, আত্মনিয়ন্ত্রণ এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার সময়। রমজানের পবিত্রতা রক্ষায় অনৈতিকতা, অশালীনতা ও ধর্মীয় চেতনাবিরোধী সব কার্যক্রম বন্ধ করতে সমাজ ও রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

হোটেল শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, রমজান মাসে শ্রমিক ছাঁটাই একটি অমানবিক ও অন্যায় সিদ্ধান্ত। এই মাসে কোনো অবস্থাতেই শ্রমিক ছাঁটাই করা যাবে না এবং বকেয়া বেতন ও পাওনা দ্রুত পরিশোধ করতে হবে।

তিনি বলেন, শ্রমিকরা যেন নির্বিঘ্নে রোজা পালন করতে পারে, সে জন্য কর্মঘণ্টা সহনীয় করা, নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিত করা মালিকপক্ষের নৈতিক দায়িত্ব।

প্রধান অতিথি আরও বলেন, অনেক শ্রমিক সীমিত আয়ের কারণে ইফতার ও সাহরির প্রয়োজনীয় ব্যবস্থা করতে হিমশিম খায়। এ অবস্থায় মালিকদের পাশাপাশি সামর্থ্যবানদের এগিয়ে এসে শ্রমিকদের জন্য সম্মিলিতভাবে ইফতার ও সাহরির আয়োজন করা উচিত।

যাকাত প্রসঙ্গে তিনি বলেন, যাকাত একটি ফরজ ইবাদত এবং কার্যকর সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অন্যতম মাধ্যম। শ্রমিক, মজুর ও দরিদ্র শ্রেণির কাছে যাকাত সুষ্ঠু ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে হবে।

“যাকাত যদি প্রকৃত হকদারদের মাঝে বণ্টন করা হয়, তাহলে দারিদ্র্য বিমোচন, সামাজিক ভারসাম্য এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব,”— বলেন তিনি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি শ্রমিক ও নিম্নআয়ের মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। বাজারে নজরদারি জোরদার করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, মাহে রমজানের শিক্ষা ব্যক্তি জীবন ছাড়াও সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোয় বাস্তবায়িত হলে শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান। তিনি বলেন, রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমেই শ্রমিক সমাজের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব।

বৈঠকটি সঞ্চালনা করেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মোহাম্মদ ইউনুছ,সাংগঠনিক সম্পাদক ও সদ্য অনুষ্ঠিত নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী এবং চট্টগ্রাম–৯ আসনের প্রার্থী ডা.একে এম ফজলুল হক।

এ ছাড়া উপস্থিত ছিলেন ফেডারেশনের নগর সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স ম শামীম, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা মো. জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামসহ বিভিন্ন থানা ও সেক্টরের নেতৃবৃন্দ।

সর্বশেষ