বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের শশুর ও মহানগর সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলামের পিতা মাস্টার নুর আহমদ আজ রাত ৯ টায় ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর মরহুমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
এক শোকবার্তায় নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী বলেন, মাস্টার নুর আহমদের ইন্তেকাল সংগঠনের জন্যও এক গভীর শূন্যতা সৃষ্টি করেছে। তাঁর নৈতিক শিক্ষা ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, মরহুম মাস্টার নুর আহমদ ছিলেন একজন সজ্জন, সৎ, ধর্মপরায়ণ ও মানবিক গুণে সমৃদ্ধ ব্যক্তিত্ব। তিনি তাঁর জীবদ্দশায় সততা, নৈতিকতা ও আদর্শ শিক্ষার মাধ্যমে পরিবার ও সমাজে সম্মানিত অবস্থান সৃষ্টি করেছিলেন। একজন আদর্শ অভিভাবক হিসেবে তাঁর অবদান পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে শুধু একটি পরিবার নয়, বরং সংগঠন ও সমাজ একজন অভিভাবকতুল্য মানুষকে হারালো।
তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে বিনীত প্রার্থনা করেন—আল্লাহ তায়ালা যেন তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরে ভরিয়ে দেন।
এছাড়া তিনি শোকসন্তপ্ত এস এম লুৎফর রহমান ও মুহাম্মদ হামিদুল ইসলামসহ সমগ্র পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই গভীর শোকের মুহূর্তে তাঁদের সবাইকে সবর, ধৈর্য ও ঈমানি শক্তি দান করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
উল্লেখ্য মরহুমের জানাজা নামাজ আগামীকাল বাদ ফজর সিকদার দিঘি জামে মসজিদ (পদুয়া, লোহাগাড়া) প্রান্তরে অনুষ্ঠিত হবে।