চট্টগ্রাম মহানগরে শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (আজ) জুম্মার নামাজ শেষে নগরীর বাইতুল আরাফ জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগর।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন জুলাইয়ের বিপ্লবী যোদ্ধা এবং ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে জাতির সাহসী কণ্ঠস্বর। জীবন দিয়ে তিনি নিজেকে একজন আপোষহীন দেশপ্রেমিক হিসেবে জাতির সামনে তুলে ধরেছেন।
তিনি আরও বলেন, ওসমান হাদীর সাহসী উচ্চারণ ও কর্মকাণ্ডে ভারতীয় চর ও ষড়যন্ত্রকারীরা আতঙ্কিত হয়ে তাকে ঘৃণ্য ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করেছে। তবে এক ওসমান হাদীকে হত্যা করে তারা দেশপ্রেমিক চেতনাকে দমিয়ে রাখতে পারেনি; বরং লক্ষ তরুণকে দেশমাতৃকার জন্য জাগ্রত করেছে।
এস এম লুৎফর রহমান বলেন, আমরা শপথ নিচ্ছি—ওসমান হাদীর স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। এ দেশে দিল্লিসহ কোনো দেশের আগ্রাসন মেনে নেওয়া হবে না। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।
এতে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী,মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, দপ্তর সম্পাদক স.ম. শামীম, বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান, ইপিজেড থানা সভাপতি শহিদুল ইসলাম, পাহাড়তলী থানা সভাপতি জাফর আহমদ, বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন প্রমুখ।